প্রকাশিত: Wed, Feb 7, 2024 10:18 PM
আপডেট: Fri, Mar 13, 2026 11:48 AM

[১]গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মাসুদ আলম, এম এ লতিফ : [২] গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে দায়ের করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন হাসিবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

[৩] এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তখন আদালত আসামী পক্ষের আইনজীবীকে কয়েকটি ছবি দেখিয়ে বলেন, ‘এটা মৃত্যুকূপ বানিয়ে রেখেছেন। জাস্ট মৃত্যুকূপ। আপনাদের ছেলে-মেয়ের  সঙ্গে ও এমনটা ঘটতে পারে’। 

[৪] বুধবার নিহত গৃহকর্মী প্রীতি উরাং-এর বাবা লুকেশ উড়াং বাদি হয়ে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। 

[৫] মোহাম্মদপুর থানার ওসি মো.মাহফুজুল হক ভূঞা বলেন, আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ৩০৪/ক ধরায় মামলা হয়েছে। 

[৬] পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে  গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মৃত্যু হয়। স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘ মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ করে বিক্ষোভ শুরু করে। 

[৭] পরে পুলিশ আশফাক ও তানিয়াসহ তাদের পরিবারের ছয়জনকে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুইজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। 

[৮] এর আগে গত বছরের ৬ অগাস্ট আশফাকুল হকের বাসা থেকে ৯ বছরের এক শিশু গৃহকর্মী লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। ওই ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া হক ও শিল্পী নামের আরেক নারীকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন শিশুটির মা। 

[৯]  ডেইলি স্টার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আমাদের জ্যেষ্ঠ সহকর্মী ও নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় এক কিশোরী গৃহ সহায়কের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দুর্ভাগ্যজনক এ ঘটনার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। তদন্তে কী পাওয়া গেল, তা জানার অপেক্ষায় আছি আমরা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব